রাজীব কান্তি রায়
হাওড়া, পশ্চিমবঙ্গ
কিছুটাই মেঘ জমা চোখের অকূলে,
ব্যথারাও যদি থাকে মায়ার কাজলে,
আঙুল চিরুনী হয়, হাওয়া এলোমেলো…
বাঁধনে বাঁধবো যদি ‘ভালোবাসি’ বলো।
এখানে বাতাসে মেশে বেদনার বাঁশি,
স্বপ্নেরা কবরেতে, অমলিন হাসি!
নিঃশ্বাসে নিশ্চিত গ্লানিদের ভিড়,
নরম আগুন জ্বলে রাত জোনাকির।
বৃষ্টি এখনও বাকি ঝড় থেমে গেলে,
পুড়ছো তুমিও জানি এই দাবানলে;
শুরুটা হয়েছে, তাই ঠিক হত শেষও,
আবার অবেলা হলে বাসি ভাতে এসো।
বিচ্ছেদ বলে কিছু হয়না আসলে-
সময়ের অভিনয় ভুলে থাকা ছলে;
আবার জন্ম নেবো একদিন ঠিকই,
তুমি হবে নীলাকাশ, আমি ভোরপাখি।