Skip to content

দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন

শারদীয়া সংখ্যা ১৪৩২

শেলী নাজ’এর কবিতা

শেলী নাজ

কোকোনাট গ্রোভ, অস্ট্রেলিয়া

(১)

নব বিবাহধারা

তোমাকে বিয়ের আগে বহুবিবাহের ক্ষত, দাগ
তাম্র শরীরের ভাঁজে, যেন তারা মোঘল মোহর
সহস্র ছোবল খেয়ে বিষাহারী দেহের দেমাগ
নিয়ে একা খসে গেছি শুনেছ সে মন ও মর্মর?

ভূর্জপত্রে বিবাহের দুটি ফুল দলিত মথিত
বজ্র ও বিদ্যুৎরূপে এসো তবু হৃদয়প্রহরী
কোষে চিতাগ্নির শেষ, শবাধার শূন্য ও স্থিত
ওষ্ঠ রাখো ভস্মে, আনো নববিবাহের বিভাবরী।

দেনমোহরের দামে বিক্রি হলো কত না ময়ূর
হারানো পেখম তার যদি আজ বিবাহবর্ণীল
যেসব সঙ্গম মরে গেছে তাতে কামিনীপুকুর
বহুবিবাহের দাগ মুছে জাগে মধুর নিখিল।

হ্যান্ডলুম বন্ধ, ক্ষতি নেই দেহ রাখি হস্তে ঢেকে
প্রেমচালিত তাঁতেই যদি পারো বুনতে আমাকে!

(২)

ফায়ার উড

দেহখড়ি জ্বেলে রাখি এই একা তীব্র বর্ষাদিনে
অকালকুষ্মাণ্ড বনে, বিরহযাপিত কান্নাদলা
গলাঅব্দি ভরে আছে। বীভৎস ঘরপোড়া মন
জলাশয়, তুমি আর ভিজিয়ো না ছলনার জলে।

আষাঢ় এসেছে যদি আসুক তা, হারানো বিজুলী
খুঁজি না এখানে আর, দাহ্যকাঠ নিজেরই অঙ্গ
আসঙ্গলিপ্সার বেদিতলে রাখি কামনার ভার
ভিজে যায় যদি যাক দ্রাক্ষালতা দূর মথুরার।

সঘন মেঘের ঘুম যদি আজ ভাঙে, ভেঙে যায়
অচল মুদ্রার মতো ঝমঝম একান্ত কিংকিনী
যদি বাজে বাজুক সে, ভাবি মিথ্যে রিক্ত জলাশয়
যদি নিতে পারে নিক দিকশূন্য দেহের জ্বলন।

(৩)

মাংসগন্ধী ফুল

ফুলের কারবারীরা জানে খুব কোথায় স্পর্শিলে
তার ঘুম ভাঙ্গে, কোন বৃন্তে ফুটে থাকে অভিমান
কোন বৃন্ত শুধু এক শবাধার, ফোটে না কখনো
কোথায় হল্লার মতো ফুটে থাকে ব্যথা, চিৎকার
কোথায় বা নাগাসাকি, পুড়ে খাক মোহময় দিন
দিনের রোদের ভাঁজে গুপ্ত ব্যাধ, পাশবিক মন
রাত্রির বুকের মধ্যে কোন তীর এসে বিঁধে যাবে
আনখবল্লরী, কোথায় এ শর্বরী লুকিয়েছে ঘ্রাণ
গিরিখাতে কোথায় বা সুপ্ত একাকী হারমোনিকা
মাংসের মঞ্জরী কবে অভিলাষে ফোটে রক্তরাগে
ফুলের কারবারীরা জানে কতদূরে গর্ভমুণ্ড, জানে

কোথায় ছোঁয়ালে ঠোঁট ফুল মরে যায় হায় ফুটবার আগে!

Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
পার্থ বন্দ্যোপাধ্যায়
Admin

অপূর্ব, অসাধারণ কবিতা লেখেন শেলী। আমরা তাঁর কবিতাগুচ্ছ প্রকাশ করতে পেরে আনন্দিত। তিনি সুদূর অস্ট্রেলিয়া থেকে কবিতা পাঠিয়েছেন কেবলমাত্র দ্বিতীয় বৃত্ত শারদীয়ার জন্য। 

রওশন আরা
রওশন আরা
6 months ago

অপূর্ব!!

অসাধারণ বললেন!! কবিতাগুলো পড়ে স্তব্ধ হয়ে বসে রইলাম শুধু। শেলী আপনার জন্য অনেক শুভকামনা। যারা পাদপ্রদীপের আলোয় আনলেন লেখাগুলো অনেক ধন্যবাদ। 🙏

পার্থ বন্দ্যোপাধ্যায়
Admin

শেলীর কবিতা আমাকে মুগ্ধ করে। আমরা তাঁর কবিতা প্রকাশ করতে পেরে আনন্দিত। তিনি আরো অনেক লিখুন।

আরও পড়ুন

error: Content is protected !!
3
0
Would love your thoughts, please comment.x
()
x