প্রশান্ত ভট্টাচার্য
কলকাতা, পশ্চিমবঙ্গ
জলের বক্রতা হেতু মাছ ওঠে জালে
বেহুদা নাবিক তার রহস্য উদ্ধারে
জলধ্বনি বিশ্লেষণ করে পাড়ে বসে
পাহাড়ের গায়ে ভেঙে পড়ে রোদ্দুর,
রাত বাসি হলে ফের বিলম্বিত বন্দিশে সকাল
চঞ্চল ও চক্ষুষ্মান
এইরূপ দিনরাত্রি
কাপ্তেনবাবুর বাঁধাগান,
রামকিঙ্করের জড়ামড়ি
সম্পর্কটা বুঝতে বুঝতে
আমাকে ছেড়েই গিয়েছে রাধা
নিজস্ব নিয়মে ঝরা আষাঢ়দুপুর
গতজন্ম সীমান্তজুড়ে
বিচ্ছেদের অমরত্বে সুর তাল বাঁধা,
সূর্যের সঙ্গীতে উত্তরীয় ভিজে যেতে
ধবধবি গন্তব্য, তবু
নেমে পড়ি বুদবুদ স্টেশনে।