আফরোজা পারভীন
ঢাকা, বাংলাদেশ
প্রেম বিলাবি জনে জনে
বাছিস কেন আপন পর?
দুঃখ কেড়ে হবি খাঁটি
সুখ বিলাবি জীবন ভর।
লড়াই বড়াই করিস না রে
ধৈর্য রাখিস বুকের মাঝ,
মধুর মধুর কথা বলিস
সবার সাথে সকাল সাঁঝ।
জীবন মানে আর কিছু নয়
ভালোবাসার গোলাপ চাষ,
সেই গোলাপের সুবাস নিয়ে
দিন কাটাবি বার মাস।
তুচ্ছ দেহের হৃদমাঝারে
ভালোবাসার আবাস গড়,
প্রেম বিলাবি জনে জনে
বাছিস কেন আপন পর?
মহাকাশে বিশ্ব ঘোরে
জানিনা তার কোথায় শেষ,
কবরে তোর দেহ যাবে
আত্মা হবে নিরুদ্দেশ।
আমরা শুধুই খেলার পুতুল
আছেন একজন মহাজন,
তাহার তরেই এই দেহ মন
করবিরে তুই সমর্পণ।
জ্ঞানের সীমায় বাঁধা আমরা
চিনিনা যে আপন ঘর,
প্রেম বিলাবি জনে জনে
বাছিস কেন আপন পর?