অলকেশ দত্তরায়
মার্লবোরো, ম্যাসাচুসেটস্, যুক্তরাষ্ট্র
যুদ্ধের পটভূমি সময়েরই বুকে
মানুষে মানুষে ঘৃণা বিদ্বেষ রোজ
হাওয়ায় মিশছে বিষ সুখের অসুখে
পায়রা উড়িয়ে চলে অশান্তির খোঁজ।
খোঁজ নিলে জানা যেত অসুখী মানুষ
নিজেকেই নিয়ে মাতা আত্মহননে
দিশেহারা সময়ের বেহাল বেহুঁশ
উৎসবে অবসাদে সুবিলাসী মনে।
মনে নয় বনে মোর প্রমোদ প্রাসাদে
নব জাগরণ হয়ে শতাব্দী ঘোরে
ক্ষুধিত পাষাণে শোনা নয়া মতবাদে
রাতের হাওয়ায় কোন নিশানেরা ওড়ে।
মনীষীরা বলেছেন নেতাও বলেন
সব পেয়েছির দেশে পৌঁছে গেছেন।