শরীফ আস্-সাবের
ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
কোন এক খেয়ালী প্রহরে চাতকের মত
আমি এক পশলা বৃষ্টির অপেক্ষায়
তোমার অরুন্ধতী আকাশের আলুথালু
মেঘের দিকে নির্নিমেষ তাকিয়েছিলাম।
অতঃপর, তোমার নিরাভরণ অবয়ব
ক্রমশঃ স্পষ্ট থেকে স্পষ্টতর হলে
আমাদের মৈথুনের কর্দমাক্ত জল
উত্তাল তরঙ্গ বেয়ে সাগরে হারালো।
গহীন অরণ্যের সোঁদা, মদির গন্ধে
নিরংকুশ বুঁদ হয়ে সহসা মনে হলো —
এক অলীক ভুল আমাদের অস্তিত্বে
অলক্ষ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে।
তবু আমি অনিবার উদগ্র পিপাসায়
আচ্ছন্ন হয়ে জলকেলি করবো বলে,
তোমার অস্ফুট শীৎকার শুনবো বলে
অধীর অপেক্ষায় উন্মুখ হয়ে থাকি।