জিললুর রহমান
ঢাকা, বাংলাদেশ
বিস্ফারিত লাল রঙে ভাসছে আকাশ —
কমলা মেঘের ফাঁকে ফাঁকে
ধোঁয়ার কুণ্ডলী সব গগন ছুঁয়েছে,
তার সাথে পাল্লা দিয়ে ওড়ে
মানুষ —বোকাট্টা ঘুড়ি,
ধোঁয়ার স্তম্ভের চারপাশে চলে মুণ্ডুহীন মানুষের
অশেষ তওয়াফ উড়ে উড়ে ঘুরে ঘুরে—
সুফিনৃত্যে নিমগ্ন সামান্য লোক
অসামান্য এবাদতের ভঙ্গিতে…
শত শাদা পুটলির ভেতরে
শায়িত নিস্তব্ধ শিশু—
কারও হাত কারও পা কারওবা মাথাই উড়েছে লাল আসমানে,
যেন সব ভলিবল নেতানিয়াহুর।
গর্জমান বিমানের ফুঁয়ে ধ্বসে পড়ে
সুউচ্চ দালানগুলো, বালুকাবেলার ঘর — কালের পাউডার…