দেবযানী হালদার
পশ্চিমবঙ্গ, ভারত
এক টুকরো উল্কা, রাস্তা হারিয়ে
পড়ে থাকে পাথরের মধ্যে লাশ হয়ে।
তারার মাঝে নিটোল আলোর ঘেরাটোপে
ওর ছন্দ ছিল পয়ারের মত মসৃণ।
তবুও ছিটকে যায়, পড়ে যায় আর
জ্বলে যাওয়া কালো এক দলা ছাই
হয়ে থেকে যায় পৃথিবীর জঞ্জালে।
ওই উল্কা হয়ত কারোর বাগানের
মধ্যমণি ছিল সন্ধ্যামণির বেগুনীর মত।
আর একটু আলো যদি লেগে থাকত
আর একটু যদি কম পুড়তো তার শরীর,
সন্ধ্যার বাতি হয়ে আলো করে থাকত
তোমার আমার ভিজে যাওয়া রাতে।
উল্কারা বারবার জ্বলতে থাকে নাটমঞ্চে
বারবার তারা খসে পড়ে বিনা কারণে
অনেক অপমানে পুড়ে যায় তার সত্ত্বা,
আর রেখে যায় এক আকাশ সপ্তর্ষি চিহ্ন।
ধ্রুবতারার দিশা হারিয়ে যায় আলোকপথে
উল্কা তার রাস্তা হারায় নাটকের অনেক আগে।