সুস্মিতা সেন দাস
শান্তিনিকেতন, বীরভূম
ছবিটা একবার নড়ে চড়ে ভেসে পড়তে চায়,
নাকি, চুপ করে এক জায়গায় আটকে থাকতে চায়?
বুঝতে পারছি না! অথচ বুকের ভিতর
ডানা ঝাপটের শব্দ শুনছি কেন?
এত শব্দ আকাশের পাশে এলে শোনা যায়।
বাতাসের শন শন শব্দ একটানা,
হুইসল বাজিয়ে ছুটে চলে যায়।
তোর মুখে আলতো শঙ্কা অজানার প্রতি,
আমিও অপ্রতিভ হই বেদনার ভারে !
মেঘের দুপুরে ফিরে এলি যদি,
অথবা হারিয়ে গেলি বোঝা গেলো না তো!
প্রতিটি বিদায়ক্ষণ এত একা কেন?
নির্জন সৈকতে হাঁটা পথিকের মতো!
ডাকব না তোকে আর, ভাববো না তোকে।
হাত ধরে টানবো না দু’হাতের বেড়ে,
সাবালক গালে তোর রাখবো না চুমু।
শুধু এই অসীম বৈরাগ্য সঙ্গে নিয়ে ফিরে যাব।
তুই জয়ী হ! তুই জয়ী হ!
একটি অন্তিম বাক্য রেখে যাবো শুধু।