আবদুর রাজ্জাক
ঢাকা, বাংলাদেশ
কখনো চাঁদ, কখনো কবিতা একভাবে জেগে থাকে আকাশ,
পাশাপাশি তুমিও থাকো হাস্যবেদনায়।
অফুরন্ত শৈশব। তুমি কেন দেয়াল তুলেছো!
নারিকেল পাতায় চিরল বাতাস — প্রহরে প্রহরে তোমার
ধানক্ষেতে পাখি হয়ে উড়ি চিল ও শকুন সম।
দলছুট না হয়ে আবার আমার জীর্ণ কুটিরেই থেকে যাই একা।
প্রতিটি চাওয়ায় তুমি আমার আত্মার ভিতরে একটি ভাস্কর্যমুখ,
আজীবন একটি কথাই শুনেছি, বৈধ অবৈধ সকল ঐশ্বর্য
আমাকে দিয়ে — তুমি এখন এক পরাণযোগিনী সন্ধ্যার দাগ।
তোমার চোখের পাতায় আমার ঠোঁট, প্রশ্রয় পেয়ে কী যে করেছি!
আগুনের ফোয়ারা, সীমানা লঙ্ঘন করিনি তোমার
হিমগুঞ্জন রেখার।