মিহির হারুন
মুক্তাগাছা, ময়মনসিংহ, বাংলাদেশ
সূর্য যখন ওঠলো ফুটে
দৌড়ে ফিরে আলো,
রাজা বলেন, দোয়ার খুলো
এতো কিসের কালো?
মন্ত্রী, তন্ত্রি, সেনাপতি
সূর্য দেখে কয়,
আহা কী যে কালো
বিদ্ঘুটে এক অন্ধকারাময়।
পাইক পেয়াদা সিপাই সৈন্য
চোখ বুজে সব বলে,
কী অন্ধকার! কী অন্ধকার!
গেলো, রাজ্য রসাতলে।
ফাগুন এসে রঙ ছড়িয়ে
রাঙালো চারিধার,
রাজা বলেন, কোথায় ফাগুন?
রঙ দেখিনা কার?
নায়েব বলে ধর বাড়িয়ে
কোথায়, কোথায় রঙ?
শুধু শুধুই নষ্ট সময়
আজগুবি এক ঢং।
ঈশান কোণে গর্জে ওঠে
কালবোশেখী ঝড়,
বজ্র মেঘে প্রকম্পিত
কাঁপছে থরোথর।
মৃদু হেসে শান্ত বেশে
বধির রাজা কয়,
কোথায় বজ্র, কোথায় শব্দ?
সবই শান্তিময়।
কথা শুনে প্রজার মনে
উঠলো ভীষণ ভয়
এ যে অন্ধ! বধির রাজা!
জনগণের নয়।
প্রজার বুকে ওঠলো জোয়ার
ক্ষুদ্ধ ঘোলা জল
ছড়িয়ে গেলো এক নিমিষে
রুখবে কেবা বল?
লম্ফঝম্পে সিপাই সৈন্য
মশার মতো আসে
ভনভনিয়ে মুহূর্তে যে
জোয়ার জলে ভাসে।
ক্ষুব্ধ জোয়ার ফুঁসে যখন
রাজার কাছে বলে,
তুই অন্ধ, তুই বধির
রাজা হলি কোন ছলে?
দম্ভে রাজা লম্ফ দিয়ে
সিংহাসনে বসে,
দড়ি বেঁধে হেঁচকা টানে
নামায় অবশেষে।
রাজার এমন দশা দেখে
মন্ত্রী-তন্ত্রী কয়,
জয় জয়, চিরকালই
জনতার জয় হয়।
সিংহাসনটি শূন্য দেখে
বামের দল ভাবে
মারহাবা মারহাবা
এবার রাজা হওয়া যাবে।
সমস্বরে প্রজারা সব
ক্ষুব্ধ হয়ে যবে
লাফিয়ে বলে, না না
এবার বালক রাজা হবে।
নেই লোভ নেই ক্ষোভ তার
খেলবে রাজা প্রজা
আমার দেশে তাইতো এবার
বালক হবে রাজা।
দুর্দান্ত
ভালোবাসা জানবেন 💜
দুর্দান্ত