পরিতোষ বাবলু
সিলেট, বাংলাদেশ
এভাবেই একদিন, দুদিন, তিনদিন করে
ভুলে যাই কত্ত কিছু।
ভুলে যাওয়াটা মানুষের সহজাত প্রবৃত্তি।
এভাবেই ভুলে যাই যাপিত যৌবনের
নষ্টালজিক ব্যাপার: বলিহারি বকুল,
‘বাদল দিনের প্রথম কদম ফুল’…
এভাবেই ভুলে গেছি মেঘবালিকার সুর
শ্রাবণের গান, ভুলে গেছি কবিতা
ভুলে গেছি জয়নুল;
ধবধবে ক্যানভাসে আঁকা ছবি।
ভুলে গেছি দুরন্তপনার পড়ন্ত বিকেল।
ভুলে গেছি স্বরবর্ণ কিংবা ব্যঞ্জনবর্ণ!
কিবোর্ডের ফাংশনগুলো মনে নেই।
ভুলে গেছি রবি, ভুলে গেছি দুখু,
ভুলে গেছি লালন, ভুলে গেছি জীবনানন্দ,
ভুলে গেছি পরমানন্দ তোমাকে!
এআই রোবটের কাছে পদানত আজ!
ভুলে গেছি বিপ্লব, সুকান্তের ছাড়পত্র,
আল মাহমুদের ‘একুশের কবিতা’,
শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’,
ভুলে গেছি সুনীলের ‘মনে পড়ে যায়’।
ভুলে গেছি প্রিয় বোন ‘সারাপু’, তোমাকে!
স্মৃতিভ্রষ্ট আমি—ভুলে গেছি, সব ভুলে গেছি!
মুখরিত জনারণ্যে ভুলে গেছি—
গোধূলির নৈসর্গিক নীরবতা।
ভুলে গেছি রেখাচিত্র, কতো বর্গমাইল
আমার মানচিত্র, আমার জন্মভূমি!