গোলাম কিবরিয়া পিনু
ঢাকা, বাংলাদেশ
নদীর ভেতর নদী হতে চাই,
তা না হলে কীসের সখ্য?
সমুদ্রের ভেতর সমুদ্র হতে চাই,
তা না হলে কীসের মৈত্রী?
কীসের বন্ধন?
কীসের মিলন?
তরঙ্গে তরঙ্গে
তরাঙ্গায়িত হতে পারলে
–মানিকজোড়!
কল্লোলে কল্লোলে
কল্লোলিত হতে পারলে
–সমপ্রাণ!
হিল্লোলে হিল্লোলে
হিল্লোলিত হতে পারলে
–হরিহর আত্মা!
মেঘমুক্ত আকাশ হলে
শশাঙ্কও তাকিয়ে থাকবে!
সীমান্ত নিয়ে বিরোধ থাকবে না,
সীমান্ত প্রহরীরও পাহারা লাগবে না!
রোদনবদন ও রোদনধ্বনি থাকবে না,
লেজঝোলা ও লেজুড়ে দুর্দশা থাকবে না!
নগ্ন হয়ে অনুরাগের লগ্ন আসবে,
রোদ করবে চিকমিক!
অকূলপাথার ডাকে
নদীকান্ত হিয়া হয়ে উঠি,
হই অতলান্তিক!
উষ্ণপ্রসবণে গা ভিজাই!
জলপ্রবাহে হই প্রবহমান!
ও সঙ্গীসাথী–
সুমানুষ হয়ে উঠি সুমেরুতে,
জলের স্পর্ধায়!