শাহীন রেজা
ঢাকা, বাংলাদেশ
মেঘ নেই
জুলাই আকাশ জুড়ে তবু বৃষ্টি তবু জল
বৃষ্টি ঝরছে আজ
ঢাকা নিউইয়র্ক ব্রাহ্মণবাড়িয়ায়
কলকাতা দহগ্রাম-আঙ্গরপোতায়
রবী ঠাকুরের শিলং পাহাড়ে
বৃষ্টি হচ্ছে টেমস নীলনদ ধলেশ্বরীতে
জীবনানন্দের ধানসিঁড়ি নদীটির তীরে
ভেসে যাচ্ছে বুক ধুয়ে যাচ্ছে ক্লেদ
বৃষ্টি হচ্ছে মাইকেলের সমাধিতে
অমিত্রাক্ষর ছন্দে
চে গুয়েভারার চুরুটে আর জর্জ মাইকেলের গীটারে;
ছন্দে ছন্দে
বৃষ্টি নামছে খুব
ঝড়ো বৃষ্টি বুনো বৃষ্টি
বুকের মধ্যে তীব্র দাপাদাপি
কি কথা যেন বলে গেল রোদ; ভোরের নদী
ধূসর কাকাতুয়া আর ছায়া টুনটুনি
আজ সেই হারানোর দিন
আজ সেই এগারোর ঝোড়ো কলতান
রোদনের একান্ত গোধূলি
কবি চলে গেছে কবি চলে গেছে
মোল্লা বাড়ির ছেলেটি
আমাদের ফাঁকি দিয়ে উড়ে গেছে দুরে
মক্তবের মেয়ে আয়েশা আক্তারের চুলে
শব্দ বিনুনি হয়ে মিশে গেছে জলজলসায়
ফিরবে না আর যে ছিলো কাছে
হৃদয়ের পাশাপাশি কুসুম কিনারে
জলছবি হয়ে
সেই পাখিটা
সে আর ফিরবে না কোনোদিন
ধু ধু জল অনন্ত শ্রাবণে
বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব
চোখের আলে কষ্টের খুনসুটি
বৃষ্টি হচ্ছে আজ
ভিজে যাচ্ছে আলপথ আলোর গোয়াল
কবি নেই কবি নেই
বর্গী দাঁড়িয়ে দেখ মেঘের আড়ালে।