দেওয়ান নাসের রাজা
(১)
ফাল্গুন
পলাশ রঙে রাঙিয়ে দিয়ে কে দিল যে ছোঁয়া
ঝিরিঝিরি উতল বাতাস স্তব্ধ আকাশলীনা
শিমুল রাঙা উড়িয়ে আঁচল হাসল দুই ঠোঁট
কমলা ঠোঁটে দৃষ্টি উদাস—শানবাঁধানো ঘাটে।
নারকেল পাতা যেমন নড়ে—বুকের ভেতর কথা
ইচ্ছে করে জড়িয়ে ধরি ডাকছে বনলতা
আগুন ঝরা ফাগুন এলে কাঞ্চন মেলে চোখ
নজর দেখে মোহাবিষ্ট ফুলের চিবুক।
পূবাল হাওয়ায় নিথর পুকুর উঠল ঢেউয়ে কেঁপে
মাঝ পুকুরে বৃষ্টি পড়ে তরঙ্গময় ঢেউয়ে
কাঞ্চনেরই পাপড়ি ছুঁয়ে হঠাৎ বৃষ্টি ঝরে
নগ্ন পায়ে জলের ছোঁয়া অধর কেন কাঁপে?
চৈত্র এসে বললো বিদায়—ঝড়ের আহ্বান
গানের পাখির বৃষ্টি বুকে আকাশমণি ম্লান।
নিউইয়র্ক
অক্টোবর ১২, ২০২৫
(২)
কাল রাত থেকে
কাল রাত থেকে শব্দহীন—জাপটে ধরে
তীব্র অনুভব
কুয়াশায় মোড়ে কতদিন দেখিনি তোমাকে।
আমনের খেতে নতুন চারা, আগাছা পরিস্কার করছে কৃষক
মেঠোপথ হারিয়ে ফেলেছি দিনশেষে।
কতদিন শাড়ির আঁচল বিছিয়ে নগ্নতা দেখি না তোমার
এখনও পেরিয়ে যাই দিনশেষে
কুয়াশা ঢাকা প্রান্তর।
জলপাই রঙের গাড়ি হুস করে চলে যায়
স্মৃতির জানালা খুলে
এই অবেলায় ঝরে যাচ্ছে লালচে পাতাগুলো
পুরনো দিনের মতো।
কাল রাত থেকে জাপটে ধরে
শীতল বাতাস
কুয়াশা পেরিয়ে গেলে আকাশে তোমার
অবয়ব।
নিউইয়র্ক
অক্টোবর ১৬, ২০২৫